নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে বহাল থাকতে পারবেন না বলে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আইনি ব্যাখ্যা তুলে ধরেন।
ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পদত্যাগের বিষয়টি উল্লেখ রয়েছে, কিন্তু গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়ে দিচ্ছে। কারণ নৈতিক স্খলন। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।’
উল্লেখ্য যে, গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

















