গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত এই হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্ম থেকে ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করে ফাঁড়িতে আনা হয়। আটকের খবর পেয়ে অন্যান্য মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ফাঁড়িতে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা রামদা ও চাপাতি দিয়ে ফাঁড়ির দরজা ও জানালায় আঘাত করতে থাকে। এ সময় পুলিশ ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেও হামলাকারীদের আঘাতে এটিএসআই নূরুল ইসলামের মাথায় এবং কনস্টেবল আশিকের হাতে গুরুতর জখম হয়।
ঘটনার পর অভিযুক্তদের ধরতে পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে মাদক আইন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ফাঁড়ির ইনচার্জ নিশ্চিত করেছেন।

















