দেশের সকল গণমাধ্যম, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সরকার। শুক্রবার এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয় যে, গত ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর অডিও, ভিডিও ভাষণ, সাক্ষাৎকার কিংবা বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ বা বিবৃতি সরাসরি অথবা ধারণকৃত অবস্থায় প্রচার না করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। সরকার আশা প্রকাশ করেছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

















