নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে, এ বিষয়ে হাইকোর্টে চলমান রুল আগামী চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য আদালত নির্দেশনা দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে, নির্দিষ্ট কোনো মামলা না থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট দেখানো বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে দেওয়া ওই রায়ে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করেছিলেন। রুলে জানতে চাওয়া হয়েছিল, আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের নেওয়া পদক্ষেপ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। এছাড়া, নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আদালত এই স্থগিতাদেশ দেন।

















