বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১৮ অক্টোবর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট পর্যন্ত বিএনপি মজলুম থাকলেও পরবর্তীতে তারা অতীতের কথা ভুলে গেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি বদলে গেলেও আমরা বদলাব না। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করেই ছাড়ব। এখন থেকে সরকারকে নয়, বরং বিরোধী দল ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার পাশাপাশি বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়ন থেকে বঞ্চিত করাকে রাষ্ট্রের জন্য অপরাধ বলে উল্লেখ করেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে দ্রুত সরে আসায় জাতি বিরক্ত। তার মতে, ‘এই আন্দোলন শুধু ১১ দলের নয়, বরং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আন্দোলন।’ বিএনপির দাবি অনুযায়ী জুলাইয়ে তাদের ৮৪৮ জন কর্মী শহীদ হয়েছেন, সেই রক্তের প্রতি দায়বদ্ধতা থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। শেখ হাসিনার প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপিরও সেই ভুল করা উচিত হবে না। জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব ও সাত দফা অঙ্গীকার বিএনপির ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া সত্ত্বেও তারা তা এড়িয়ে চলছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করা রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব। তিনি নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ রাষ্ট্র মেরামতের রূপরেখা। বিএনপি জুলাই সনদ ও গণভোটের রায়ের ক্ষেত্রে দ্বৈত অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনা করা ফিটনেসবিহীন গাড়ি চালানোর শামিল। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘২০২৪ সালের অন্যতম গুরুত্বপূর্ণ লিখিত রাজনৈতিক দলিল হলো জুলাই সনদ। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এর মৌলিক উদ্দেশ্য।’ রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। সভায় ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

















