অর্থনীতি

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কোম্পানির প্রস্তাব

প্রতিবেদক
সব খবর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেনটেইন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তাব দাখিল করেছে জাপানি কোম্পানি সাব ওয়ার্কিং গ্রুপ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে প্রতিষ্ঠানটি এই প্রস্তাব জমা দেয়। বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাব ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবনাটি হস্তান্তর করেন। বেবিচক জানিয়েছে, জাপানি কোম্পানিটি কারিগরি ও আর্থিক প্রস্তাবের জন্য আলাদা নথিপত্র জমা দিয়েছে। এই প্রস্তাবগুলো মূল্যায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফভি ইভ্যালুয়েশন কমিটি। এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পিপিপি কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন।

মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তীতে আর্থিক প্রস্তাব পর্যালোচনার কথা রয়েছে। সফল আলোচনার পর বিষয়টি চূড়ান্ত চুক্তির পর্যায়ে পৌঁছাবে। বেবিচকের এক কর্মকর্তা জানিয়েছেন, কারিগরি মূল্যায়ন মঙ্গলবারই শেষ হওয়ার কথা ছিল এবং আর্থিক প্রস্তাবের মূল্যায়ন বৃহস্পতিবার চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং করেছিলেন। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। বর্তমান সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই টার্মিনালটি চালুর ঘোষণা দিয়েছে। টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের আগ্রহের বিপরীতে জাপানি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

সব খবর