দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জরুরি চাহিদা মেটাতে সরকার উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি ভিন্ন প্রতিষ্ঠান থেকে এই এলএনজি সংগ্রহ করা হবে।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো এলএনজি নেওয়া হবে।
দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি চাহিদা পূরণ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। সরকারি ক্রয় আইন ও বিধিমালা মেনেই এই এলএনজি কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি পর্যালোচনা করে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। দেশের চাহিদা ও সরবরাহের ঘাটতি পূরণে আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভর করছে সরকার। সাম্প্রতিক সময়ে গ্যাসের সরবরাহ ও মজুত কমে আসায় জরুরি ভিত্তিতে নতুন কার্গো আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

















