ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি চ্যানেলটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
ফেসবুক পোস্টে ময়ূখ লিখেছেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি স্টুডিওতে কথা বলতাম ওই ভলিউমে। এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে।’
চাকরি ছাড়ার পরিকল্পনাটি হুট করে নেওয়া হয়নি বলে দাবি করেন এই সাংবাদিক। তিনি বলেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে? ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।’
নিজের কাজের ধরণ ও দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘আজ শুধু এটুকুই লিখছি- আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল- গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না। আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই এনগেজমেন্ট ম্যাট্রিক্সটাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইঙ্গিত দিয়ে তিনি জানান, ভূ-রাজনীতি এবং ভারত-বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি স্বাধীনভাবে বা নতুন কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! দ্য গেম হ্যাজ জাস্ট বিগুন!’
এদিকে, ময়ূখের এই আকস্মিক পদত্যাগের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, তিনি আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করতে পারেন।

















