আগামী সেপ্টেম্বর মাস থেকে মালয়েশিয়ায় পর্যায়ক্রমে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মীর শাহে আলম জানান, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির প্রক্রিয়াটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে শুরু হয়ে আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলে রাষ্ট্রদূতের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে মোট দুই লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নতুন করে কর্মী পাঠানোর পাশাপাশি সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।

















