দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এই চারজনের মৃত্যুর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯২২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও সন্দেহজনক হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ জন শিশু প্রাণ হারিয়েছে।
সংস্থাটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৮ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন। একই সময়ের ব্যবধানে মোট ১৮ হাজার ৭৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে।

















