সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের যোগদানকে একান্তই নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। তিনি আরও উল্লেখ করেন যে, দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার কোনো প্রয়োজন নেই।
উল্লেখ্য, পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই সম্মিলিত হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে গত সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবীর জানান, এই মক্কা ডিফেন্স প্যাক্টের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

















