ফিফা বিশ্বকাপ ২০২৬ উদযাপন উপলক্ষে মীর সিরামিক আয়োজিত ‘Mir Ceramic Presents Quiz Fest 2026’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরপুলে অবস্থিত মীর সিরামিক ডিসপ্লে সেন্টারে এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ী ফুটবলপ্রেমীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ও খেলার প্রতি মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে অংশগ্রহণকারীরা ফুটবল সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ম্যাচের ফলাফল অনুমানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। দেশজুড়ে গ্রাহক ও ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে এই ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলে। আন্তর্জাতিক এই ফুটবল আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে এবং পুরস্কৃত হওয়ার সুযোগ পেয়ে বিজয়ীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে মীর সিরামিকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, পণ্যের গুণগত মান ও উদ্ভাবনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখাই মীর সিরামিকের মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের উদ্যোগ গ্রাহকদের সঙ্গে ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি আস্থা ও আত্মিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীর সিরামিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে হেড অব স্ট্র্যাটেজি আখতারুজ্জামান, হেড অব সেলস ফেরদৌস ইবনে বারী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সৌরভ অধিকারী উপস্থিত ছিলেন।

















