সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ঘোষণার পর মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেতন বাড়লে মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি থাকে, যা অস্বীকার করার সুযোগ নেই।
জাহেদ উর রহমান আরও বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা থাকতে পারে। তিনি উল্লেখ করেন, অনেকেই মনে করছেন বেতন হয়তো অনেক বেশি বেড়ে যাবে, কিন্তু বিষয়টি আসলে তেমন নয়। দীর্ঘ সময় ধরে নতুন স্কেল না হওয়ায় সরকারি কর্মকর্তাদের ইনক্রিমেন্ট যোগ হয়ে মূল বেতন অনেক ক্ষেত্রেই নতুন স্কেলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাই বেতন দ্বিগুণ হওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয়।
উপদেষ্টা বলেন, অনেক সিনিয়র কর্মকর্তার বেতন নতুন স্কেলের প্রায় কাছাকাছি চলে গেছে। এই বাস্তবতায় সাধারণ মানুষের হাতে খুব বেশি বাড়তি টাকা পৌঁছানোর সম্ভাবনা কম। তবে মূল্যস্ফীতির ওপর কিছুটা প্রভাব পড়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। সরকারের কাছে ব্যয় নির্বাহের জন্য বাজেট রয়েছে এবং সব দিক বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
জাহেদ উর রহমান বলেন, ‘আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পর তাদের বেতন আসলে কত টাকা বাড়বে। যে কথাটা বলতে চাচ্ছি বেতন অনেক বেশি বেড়ে যাবে, মনে হচ্ছে যে, ১০০% যখন স্কেলের উন্নতি হয়ে যাবে, তখন তার বেতন ডাবল হয়ে যাচ্ছে কথাটা কিন্তু এই রকম না। আমরা কি পয়েন্টটা ধরতে পারছি?

















