দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। আগামী ২ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শ ও আল্লাহর রহমতে অনেকটা সুস্থ বোধ করায় তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে তাৎক্ষণিকভাবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার মস্তিষ্কে সমস্যা ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়েছিল।

















