দীর্ঘ সাড়ে পাঁচ মাস প্রবাসে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। উল্লেখ্য, মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

















