কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ব্যক্তিগত সফরে সেখানে গেলে এই হামলার ঘটনা ঘটে। হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং তাকে বহনকারী গাড়িটি ভাঙচুর করা হয়।
ঘটনার পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেছেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলার ঘটনা। তিনি প্রশ্ন রাখেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এমন উন্মাদ আচরণ করতে পারে। নাহিদ ইসলাম অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয়।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুরো ঘটনাটি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় এসেছিলেন এবং এ বিষয়ে পুলিশকে আগে থেকে কিছু জানানো হয়নি। তিনি আরও জানান, হামলার কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে।

















