নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকালে দেশটির বিভিন্ন জেলায় বন্যার পানি কিছুটা নামার পর এই মরদেহগুলো উদ্ধার করা হয় বলে নেপাল পুলিশ নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যার পাশাপাশি নিখোঁজের তালিকাও দীর্ঘ হচ্ছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদী এলাকায় সৃষ্ট আকস্মিক বন্যার পর এখন পর্যন্ত ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।
বুধবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডুর উত্তরের জেলা রাসুয়াতে এই আকস্মিক বন্যা আঘাত হানে। সীমান্তবর্তী এলাকায় বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, তারা নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ বিদেশি নাগরিকদের তালিকায় রয়েছেন ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন নাগরিক, একজন অস্ট্রেলীয় ও একজন ডাচ নাগরিক। এছাড়া জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি এমন আরও ১১১ জন বিদেশি নাগরিক নিখোঁজ তালিকায় রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় বন্যার কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নেপাল সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

















