আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’
এর আগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন। রিট করার সময় হাইকোর্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট ফিরে আসা এবং সংবিধানে ৭(ক) ও ৭(খ) বাতিলের পর্যবেক্ষণ দিয়েছিলেন, যা এখন বহাল রইল।
উল্লেখ্য, তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস করেছিল, যার মাধ্যমে সংবিধানে ৫৪টি পরিবর্তন আনা হয়। এর মধ্যে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতি, জাতীয় চার মূলনীতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলের সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাদ দেওয়া সংক্রান্ত সংবিধানের ২০ ও ২১ ধারা এবং ৭(ক), ৭(খ), ৪৪(২) অনুচ্ছেদকে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন। গত বছরের ৮ জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার বিশিষ্ট ব্যক্তি লিভ টু আপিল করেন। গত ১৩ নভেম্বর আপিল বিভাগ তা মঞ্জুর করেন এবং চূড়ান্ত শুনানির পর আজ বৃহস্পতিবার পৃথক তিনটি আপিল খারিজ করে দিলেন।

















