জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান জানান, যদিও এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য নেই, তবুও দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে যেসব কর্মসূচি পালিত হবে, সেগুলোকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, এই ঘটনাগুলোর তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়াতদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা বাংলাদেশকে জঙ্গিবাদসংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা থাকতে পারে, যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মেট্রোরেল স্টেশনে সম্প্রতি উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তু প্রসঙ্গে ডিবিপ্রধান বলেন, সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সেটি ছিল মূলত পান-জর্দার একটি কৌটা। তবে বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে, যা জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করেছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

















