প্রতিদিন দুপুর গড়ালেই শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরে পদ্মার পাড় মুখরিত হয়ে ওঠে ক্রেতা ও বিক্রেতাদের হাঁকডাকে। প্রমত্তা পদ্মা থেকে জেলেদের আহরিত তাজা রুপালি ইলিশ, বড় পাঙ্গাশ, বেলে ও আইড় মাছের সুবাসে জমজমাট হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই মাছের বাজার। উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে হাটের ইজারাদার রানা সরদার এই বাজারটি পরিচালনা করেন। এখানে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।
পদ্মা নদী থেকে জেলেরা সরাসরি ৪টি প্রধান আড়তে মাছ নিয়ে আসেন। এরপর শুরু হয় ডাক বা নিলাম প্রক্রিয়া। পাইকাররা নিলামে মাছ কিনে নিজস্ব পরিবহনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন। আড়তের পাশেই স্থানীয় পাইকাররা মাছ সাজিয়ে খুচরা বিক্রি করেন। সাধারণ ক্রেতাদেরও সরাসরি ডাক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় ও বহিরাগত পাইকারদের শক্তিশালী সিন্ডিকেটের কারণে সাধারণ ক্রেতারা দরদামে সুবিধা করতে পারেন না। অনেক সময় পাইকাররা আড়ত থেকে কেনা মাছ খুচরা বাজারে ১০০ থেকে ২০০ টাকা লাভে বিক্রি করেন।
সপ্তাহের ৭ দিনই দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা চলে। বিশ্বখ্যাত পদ্মার ইলিশ ছাড়াও বেলে, পাঙ্গাশ, গলদা ও হরিণা চিংড়ি, আইড় এবং বোয়াল মাছের বিশাল সমাহার ঘটে এই হাটে। রাজধানী ঢাকা থেকে দূরত্ব কমে যাওয়ায় শুক্র ও শনিবার ছুটির দিনে এই বাজারের চিত্র বদলে যায়। স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে শুক্র ও শনিবারে বেচাকেনা ৫০ লাখ টাকা ছাড়িয়ে যায়। জুম্মার নামাজের পর থেকে এবং শনিবার দুপুর ১২টার দিকে বাজারটি সবথেকে বেশি জমে ওঠে।
ঢাকা থেকে আসা পাইকার সুজন আকন জানান, পালেরচরের তাজা ইলিশ ও চিংড়ির চাহিদা ঢাকার আড়তগুলোতে বেশ ভালো। বাজারটি ঢাকার কাছাকাছি হওয়ায় মাছ দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়। তবে তিনি আক্ষেপ করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ অনেক বেড়ে গেছে, যার ফলে আগের মতো লাভ থাকে না।
নদীর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জেলেদের জালে কাঙ্ক্ষিত রুপালি ইলিশ ধরা পড়ছে। স্থানীয় জেলে শুকুর মাঝি বলেন, কয়েকদিন ধরে বেশ ভালো ইলিশ পাচ্ছেন, যা তাকে স্বস্তি দিয়েছে। সামনেই মা-ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা আসছে, তাই এই সময়টায় মাছ বেশি পাওয়া তাদের জন্য আনন্দের। পালেরচরের এই হাট কেবল মাছ কেনাবেচাতেই সীমাবদ্ধ নয়; একে কেন্দ্র করে ভাতের হোটেল, চা-নাস্তার দোকানসহ নানা ব্যবসা গড়ে উঠেছে, যা অনেককে স্বাবলম্বী করে তুলেছে।

















