জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। শনিবার দুপুরে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন ও তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি, তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কথাবার্তা চলমান রয়েছে।
মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে৷ এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য মোটেও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তিনি মন্তব্য করেন, বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে যুক্ত থাকছে। জাতীয় স্বার্থের প্রয়োজনে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে বলে তিনি উল্লেখ করেন।
আমেরিকা থেকে বোয়িং বিমান কেনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বোয়িং কেনার জন্য কেউ কোনো চাপ দিচ্ছে না। দেশের চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও আরও কেনা হবে। মতবিনিময় সভাটিতে এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী।

















