৭১ বছর বয়সি পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর রোমের জেমেলি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভ্যাটিকান জানায়, মাত্র ৯ মিনিটের একটি অস্ত্রোপচারের মাধ্যমে পোপের ডান ফুসফুস থেকে ক্যানসার আক্রান্ত অংশটি অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে জেগে উঠেছেন।
এর আগে গত রোববার সেন্ট পিটার্স স্কোয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় পোপ নিজেই তার শরীরে একটি টিউমার শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন। সেই পূর্ববর্তী পরীক্ষা-নিরীক্ষার সন্দেহ অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে ফুসফুসের ক্যানসারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং সম্পূর্ণ নিরাময়ের জন্য চিকিৎসকরা তার ডান ফুসফুসের নিচের অংশটি অপসারণ করেছেন। ভ্যাটিকানের একটি সূত্র জানিয়েছে, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা নিশ্চিত করতে বর্তমানে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার হাসিমুখেই হাত নেড়ে শুভানুধ্যায়ীদের অভিবাদন জানিয়েছিলেন পোপ লিও। অস্ত্রোপচারের পর তিনি রাতের খাবার খেতেও আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। তবে ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, রোমের জেমেলি হাসপাতালের ১০ তলার নিজ কক্ষে পোপকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এই শারীরিক অসুস্থতার কারণে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব সাক্ষাৎ বাতিল করা হয়েছে। একইসঙ্গে এই অস্ত্রোপচারের ফলে আগামী মাসে পোপের নির্ধারিত দীর্ঘ লাতিন আমেরিকা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ মে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই পোপ লিওর প্রথম হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা। অতীতে ভ্যাটিকান পোপদের স্বাস্থ্য নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করলেও, পোপ ফ্রান্সিসের আমল থেকে এই বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার রীতি চালু হয়েছে।

















