বলিউড ইন্ডাস্ট্রিতে সহকর্মী হিসেবে কাজ করলেও পর্দার বাইরের দুই নায়িকার মধ্যে বন্ধুত্বের গভীরতা নিয়ে বরাবরই নানা প্রশ্ন থেকে যায়। প্রতিযোগিতার এই জগতে পেশাগত সম্পর্কের বাইরে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা যে বেশ কঠিন, সেই ধারণার সঙ্গে একমত পোষণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তার মতে, দুই নায়িকার মধ্যে প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক তৈরি হওয়া মোটেও সহজ কাজ নয়।
একসময় পরিচালক ও প্রযোজক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এ নায়িকাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল রানীকে। সেই অনুষ্ঠানে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন যে, পেশাগত ক্ষেত্রে অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে খুব বেশি গভীর বা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। রানীর সেই মন্তব্য সে সময় বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
দীর্ঘ ক্যারিয়ারে রানী মুখার্জি বৈচিত্র্যময় নানা চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় তুলনামূলক কম দেখা যায়। গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘মার্দানি ৩’ সিনেমায় এসিপি শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় আসেন। তার এই অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি বলিউড তারকা শাহরুখ খানও রানীর কাজের প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
অভিনয়ের পাশাপাশি রানী দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। নারী ও শিশুর অধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি তাকে ‘ডক্টর অব লেটারস’ সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে। এছাড়া, ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় তিনি মোট ২ বার ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
















