এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার, ৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি পোস্টের মাধ্যমে তার ক্ষোভ ও প্রশ্ন তুলে ধরেন। এর মধ্যে শেষ পোস্টে তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’
এর কয়েক মিনিট আগেই সারজিস আরেকটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি তার এই মন্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে। সারজিসের অভিযোগ, সেই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের ১ দফার কোনো উল্লেখ নেই, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামগন্ধও রাখা হয়নি।
ডকুমেন্টারিটির সমালোচনা করে সারজিস আরও লিখেছেন, এটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল বিএনপির দলীয় অভ্যুত্থান। তিনি মন্তব্য করেন, ইতিহাসকে দখল করতে চাওয়ার যে আওয়ামী খাসলত ছিল, বিএনপি তা ভালোভাবেই রপ্ত করেছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে সারজিস লিখেন, এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন? তিনি স্পষ্ট করেন যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশের মাধ্যমে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছে ফেলা সম্ভব নয়।

















