মাগুরায় অবস্থিত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। ওই সময় অবরুদ্ধ ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্য প্রচারের পরপরই দুর্বৃত্তরা সক্রিয় হয়ে ওঠে বলে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বাড়িটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে জড়ো হয়ে অতর্কিতে হামলা শুরু করে। হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ইটের আঘাতে বাড়িটির তিনটি কাচের ব্যালকনি ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বহনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের বোতল উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জানালার কাচ ভাঙচুর করেছে। তবে হামলার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

















