রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামটি পরিদর্শনের সময় ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ির আশেপাশে ধুলোবালি ও ময়লার স্তূপ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও ড্রেসিংরুমের পরিবেশ অনুপযোগী থাকায় খেলোয়াড়দের বাধ্য হয়ে মাঠের বাইরে বিশ্রাম নিতে দেখা যায়।
প্রতিমন্ত্রী জানান, প্রায় দুই মাস আগে পরিদর্শনকালে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা অপসারণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রশাসকের চরম অবহেলার কারণে কোনো কাজই সম্পন্ন হয়নি। এই গাফিলতির দায়ে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি উন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করবে এবং দ্রুত সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়া, স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমিনুল হক আরও বলেন, সরকার খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে মন্ত্রণালয় ও এনএসসি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার জন্য সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

















