বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক একটি বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং শিবির সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ জানান।
নাছির উদ্দীন নাছির তার পোস্টে উল্লেখ করেন, ‘ছাত্রশিবির সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। ফ্যাসিবাদী শাসনের পুরো সময় যারা আন্ডারগ্রাউন্ডে ছিল এবং নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে ছাত্রলীগের ছত্রছায়ায় অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, তাদের মুখে শক্তির আস্ফালন হাস্যকর। এখনও তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে, যা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরনো কৌশলের পুনরাবৃত্তি মাত্র।’
তিনি আরও অভিযোগ করেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব কায়েম করে বিকৃত উল্লাস করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এখন আর ছাড় দিচ্ছে না এবং তাদের প্রতিরোধ করতে শুরু করেছে।
ছাত্রদল সাধারণ সম্পাদক তার পোস্টে দৃঢ়তার সঙ্গে বলেন, ‘১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা সংঘাতে নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’

















