রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা মূলত দুটি দাবি তুলে ধরেন। তাদের প্রথম দাবি হলো, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি কমিটি গঠন করতে হবে। এছাড়া, উক্ত ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দ্বিতীয় দাবিতে, অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রশাসনের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। সেই সময় পুলিশি অভিযানে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, হাতুড়িপেটা এবং এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাটানির মতো ন্যক্কারজনক ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, মধ্যরাতে পুলিশের এই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
১. মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
২. কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

















