ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদরাসায় ভাঙচুর চালানো, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো এবং প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানি করার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
এই ঘটনার কারণে মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলেও বক্তারা উল্লেখ করেন। মানববন্ধন থেকে দ্রুত ঘটনার তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। পাশাপাশি মাদরাসার জমি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপও কামনা করেন তারা।
তবে, এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

















