সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালসিন গ্রামের বাসিন্দা ১৪ বছর বয়সী কিশোর তানজিল হোসেন গত দুই মাস ধরে চরম অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছে। দিনমজুর বাবা সোহেল সরকার ও মা তাছলিমা খাতুনের সন্তান তানজিল বর্তমানে অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তার পরিবার এখন ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অন্যের বাড়িতে রাখালের কাজ করতে গিয়ে তানজিলের ঘাড়ের হাড় ভেঙে যায়। এর ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দিনমজুর বাবার পক্ষে প্রাথমিক চিকিৎসা করানো সম্ভব হলেও উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তানজিলের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও টাকার অভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। বিছানায় ছটফট করা এই কিশোর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানাচ্ছে।
তানজিলের মা তাছলিমা খাতুন জানান, দিনমজুরি করে কোনোমতে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ছেলের চিকিৎসার খরচ জোগানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির কারণে তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। প্রতিবেশী ইঞ্জিনিয়ার মজিবুর রহমান জানান, তানজিল মাদ্রাসায় পড়াশোনা করতো এবং তার পরিবার অত্যন্ত অসচ্ছল। তিনি নিজেও সাধ্যমতো সহযোগিতা করেছেন, তবে সরকারসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় তানজিলকে সুস্থ করে তোলা সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাফিজুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তর থেকে তানজিলের জন্য ইতিমধ্যে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে পরিবারটিকে আরও কোনো সহায়তা দেওয়া যায় কি না, তা যাচাই করে দেখবেন। তানজিলের চিকিৎসার প্রয়োজনে সহায়তার জন্য তার বাবা সোহেল রানার মোবাইল নম্বর 01741011654 (বিকাশ) এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

















