আন্তর্জাতিক মুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হয়েছে হলিউডের নতুন সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। ডেভিড রবার্ট মিশেলের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি। আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারছেন দর্শকরা।
সিনেমার গল্পটি গড়ে উঠেছে এক অদ্ভুত বৈজ্ঞানিক ও মহাজাগতিক ঘটনাকে কেন্দ্র করে। আশির দশকের একটি শান্ত শহরতলীতে প্ল্যাট পরিবারের স্বাভাবিক জীবন হঠাৎই ওলটপালট হয়ে যায়। তাদের বসবাসের এলাকা ওক স্ট্রিট যেন পৃথিবীর পরিচিত বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তার শেষ প্রান্ত গিয়ে মিশেছে এক বিশাল খাদে, যার ওপারে অপেক্ষা করছে সম্পূর্ণ অচেনা এক জগৎ। সেই জগতে রয়েছে ভয়ংকর প্রাগৈতিহাসিক পরিবেশ ও ডাইনোসর। এমন বিপজ্জনক পরিস্থিতিতে আটকা পড়ে পরিবারটি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে খাবার সংগ্রহ, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অজানা বিপদের মোকাবিলার মাধ্যমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়।
পরিবারের সদস্যরা আদৌ নিজেদের পৃথিবীতে ফিরতে পারবে কি না, তা নিয়েই সিনেমার গল্প এগিয়েছে। পরিচালক ডেভিড রবার্ট মিশেল জানান, মিশিগানে বেড়ে ওঠার সময় তার নিজের আশপাশের রাস্তা ও গলিগুলো কখনো কখনো অন্য জগতের মতো মনে হতো। সেই শৈশবের অনুভূতি থেকেই সিনেমাটির ধারণা তৈরি হয়েছে। পরিচিত ও নিরাপদ পারিবারিক পরিবেশে হঠাৎ কোনো অস্বাভাবিক ও ভয়ংকর ঘটনা প্রবেশ করলে মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে, সেটিই তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
পরিচালক আরও জানান, অ্যান হ্যাথাওয়ের অভিনয় ছিল অসাধারণ। পারিবারিক আবেগের দৃশ্যের পাশাপাশি বিপদ ও আতঙ্কের মুহূর্তগুলোতে অভিনেত্রী তার চরিত্রটি অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ায় হলিউডের এই থ্রিলারটি নিয়ে স্থানীয় দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

















