ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ২০ জন বিদ্রোহী এমপিকে দলত্যাগবিরোধী আইনে শোকজ নোটিশ দিয়েছে লোকসভা সচিবালয়। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা পৃথক আবেদনের প্রেক্ষিতে জারি করা এসব নোটিশে এমপিদের আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত ২৫ আগস্ট ইস্যু করা এই নোটিশগুলোতে ১৮ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাখিল করা আবেদনের কপি সংযুক্ত করা হয়েছে, যেখানে সংবিধানের দশম তফসিলের আওতায় তাদের সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়েছিল।
লোকসভা সদস্যদের দলত্যাগের কারণে অযোগ্য ঘোষণা-সংক্রান্ত ১৯৮৫ সালের বিধিমালার ৬ নম্বর বিধি অনুযায়ী এই প্রক্রিয়া শুরু হয়েছে। এমপিদের কাছ থেকে জবাব পাওয়ার পর তা লোকসভার স্পিকারের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। জানা গেছে, এই ২০ এমপি ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন, যদিও লোকসভার সরকারি নথিতে তারা এখনো তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবেই তালিকাভুক্ত। বর্ষাকালীন অধিবেশনের আগে তাদের জন্য আলাদা আসন বরাদ্দ করা হলেও এনসিপিআইয়ের সঙ্গে দলীয় একীভূত হওয়ার বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তৃণমূল এমপি সাগরিকা ঘোষ। তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরই স্পিকার পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তার মতে, নোটিশ জারি হওয়া কেবল প্রথম ধাপ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে এই ২০ এমপির সদস্যপদ বাতিল হওয়া উচিত, কারণ এটি দলগত বিষয়ের চেয়েও বড়, সংবিধান রক্ষার বিষয়।
এর আগে ২৫ আগস্ট ভারতের সুপ্রিম কোর্ট লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের বিষয়ে জবাব চেয়েছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানি হয়। আদালত স্পষ্ট করে জানিয়েছিল, শুধু নোটিশ জারি হয়েছে কি না সেটিই বড় প্রশ্ন নয়, বরং অযোগ্য ঘোষণার প্রক্রিয়া কবে এবং কীভাবে শেষ হবে তা গুরুত্বপূর্ণ। স্পিকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে নিশ্চিত করেছেন যে সংশ্লিষ্ট এমপিদের নোটিশ দেওয়া হয়েছে।
লোকসভা সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নোটিশ জারি হওয়া অযোগ্য ঘোষণার প্রক্রিয়ার প্রথম ধাপ মাত্র। তবে পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন সাত দিনের মধ্যে বিদ্রোহী এমপিদের জবাব এবং পরবর্তীতে স্পিকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ভারতের রাজনৈতিক মহল।

















