ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জনমত জরিপে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গত সোমবার (১৭ আগস্ট) চার দিনব্যাপী জরিপটি সম্পন্ন হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, মার্কিন নাগরিকদের মধ্যে মাত্র ৩৩ শতাংশ ট্রাম্পের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিপরীতে ৬৪ শতাংশ উত্তরদাতা তার কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছেন। বর্তমান এই জনপ্রিয়তা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন, যা ২০১৭ সালের ডিসেম্বরে তার প্রথম মেয়াদের সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ডের সমান।
জরিপে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ার পর বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। যদিও ট্রাম্প আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, তবে বর্তমান পরিস্থিতিতে প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন যে এই সংঘাত আরও দীর্ঘায়িত হবে।
এদিকে জ্বালানি সংকট ও জনমতের প্রভাব নিয়ে গত শুক্রবার (১৪ আগস্ট) এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প মন্তব্য করেন যে, কোনো হুমকিস্বরূপ দেশকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে জ্বালানির পেছনে বাড়তি অর্থ ব্যয় করা ভুল পদক্ষেপ নয়। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এই জনপ্রিয়তা হ্রাস ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

















