যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে একটি ঐতিহাসিক তেল চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের তেলের মজুত দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে এবং দেশটিতে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়বে।
ট্রাম্প জানান, তাঁর সরাসরি নির্দেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধ বিষয়কমন্ত্রী পিট হেগসেথ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন করেছেন। চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি প্রমাণিত তেল মজুতের ওপর মার্কিন বেসরকারি খাতের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, এই প্রক্রিয়ায় মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় হবে না এবং এর ফলে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ৪ ডলারের বেশি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির অধীনে নতুন একটি বেসরকারি যৌথ তেল কোম্পানি গঠিত হবে, যার ৫৫ শতাংশ উৎপাদনের নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। মজুতের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি তেল কোম্পানিতে পরিণত হতে পারে। এছাড়া ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার এই যৌথ উদ্যোগকে দেশটির তেলক্ষেত্রে কার্যক্রম পরিচালনার জন্য ১০০ বছরের দীর্ঘমেয়াদি ইজারা দিয়েছে।
চুক্তিটি নিয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে জানান, জ্বালানি উৎপাদনকারী শক্তি হিসেবে ভেনেজুয়েলার অবস্থানকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের আয় বৃদ্ধি এবং জনগণের কল্যাণে এই বিশাল জ্বালানি মজুতকে কাজে লাগানো হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে আমেরিকান ও ভেনেজুয়েলার জনগণের জন্য একটি বিশাল বিজয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, এর মাধ্যমে ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে, যা হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশটির অর্থনীতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















