বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, দেশে বর্তমানে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট বিএনপির সৃষ্ট কোনো সমস্যা নয়। শনিবার ময়মনসিংহ সদর উপজেলার বোররচর কাচারী বাজার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জনগণের উদ্দেশে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পরিচালনা করছে এবং আগামী ৬ মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার অনেকটাই সমাধান হবে। তাই দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বোররচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত এই মতবিনিময় সভায় সারের সংকট নিয়েও কথা বলেন এমপি ওয়াহাব আকন্দ। তিনি জানান, সারাদেশের ন্যায় ময়মনসিংহে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সার মজুদ রয়েছে। রবি শস্যের উৎপাদন বাড়াতে সারের কোনো অভাব হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, অযথা কেউ সার মজুদ করবেন না। তবে সার ব্যবস্থাপনায় কিছু ত্রুটি রয়েছে উল্লেখ করে তিনি জানান, শহরের ৭টি লাইসেন্স গ্রাম পর্যায়ে নিয়ে আসার প্রচেষ্টা চলছে, তবে ১৭ বছরের জমানো সমস্যা সাত মাসে সমাধান করা সম্ভব নয়।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সবাই তা পাবেন। এই কার্ডের জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না বা কারো কাছে তদবির করতে হবে না। এছাড়া কৃষক কার্ড চালু এবং মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, বোররচরসহ চরাঞ্চলে তিনটি হিমাগার স্থাপন করা হবে। এছাড়া বেইলি ব্রিজ ও হাসপাতাল চালুসহ পর্যায়ক্রমে স্কুল-কলেজ, মাদরাসা এবং রাস্তা-কালভার্ট নির্মাণ করা হবে। নদী ভাঙন রোধের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। তবে তিনি সাধারণ মানুষকে দুষ্টচক্র ও বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
মাদক নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওয়াহাব আকন্দ বলেন, এলাকার অলিগলিতে ছেলেরা মাদক নিচ্ছে। তাদেরকে আগে বোঝাতে হবে, কাজ না হলে প্রতিহত করতে হবে। প্রমাণসহ ধরে থানা পুলিশে সোপর্দ করলে তারা ছাড় পাবে না। বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতা মাদক সম্পৃক্ত থাকলে প্রমাণ সাপেক্ষে বহিষ্কার করা হবে।
কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এমদাদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক মো: হেলাল আহম্মেদ, যুগ্ম আহবায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য আনোয়ার হোসেন হানু, শেখ মো: আ: সেলিম এবং আজিজুল হক সরকার।
শনিবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার বোররচর কাচারী বাজার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত বিষয়ে সদর উপজেলার ৩ নং বোররচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

















