মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু থানা পুলিশ বা ম্যাজিস্ট্রেটের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পাড়া, গ্রাম, ইউনিয়ন ও জেলা পর্যায়ে কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বা কারা মাদক সেবন করছে, তা স্থানীয়দের কাছে বেশি স্পষ্ট। তাই জনগণের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করা। তিনি আরও বলেন, জনগণ তথ্য দেওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে বিষয়টি দেখার দায়িত্ব আমার।
মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রতিটি পাড়া, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এর মাধ্যমে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মাদক অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মাদকাসক্তদের চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা মাদক গ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাদকাসক্তির ফলে সমাজে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তা নিরসনে জনসচেতনতা ও জনগণের সহযোগিতা অপরিহার্য। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

















