সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিস্তারিত বিবরণ চেয়ে দেশের বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো এক ই-মেইল বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে এই তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় সালমান মুক্তাদিরের নামে থাকা সব ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও স্টেটমেন্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়া সংযুক্ত এক্সেল ফাইলে প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএফআইইউর পরিপত্রের ধারা অনুযায়ী তথ্যের গোপনীয়তা রক্ষার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ একাধিক ব্যাংকের কাছে এই বার্তা পাঠানো হয়েছে।
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে দুর্বৃত্তদের ভাঙচুরের ঘটনা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। এ ঘটনায় তিনি প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনলেও পরে তা অস্বীকার করেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেন যে, সালমান মুক্তাদিরের মতো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি।

















