দীর্ঘ সময় পেরিয়ে গেছে, অথচ তোমার কোনো খোঁজ পাওয়া হলো না। কেমন আছো তুমি? ভালো আছো কি না, তা-ও জানার সুযোগ হয়নি। এতগুলো বছর কেটে গেল, অথচ তোমাকে আর দেখা হয়নি। মনের মাঝে প্রশ্ন জাগে, তুমি কি অন্য কারো বসন্ত হয়েছো? কারো সাথে কি ঘর বেঁধেছো?
জানি, এই ভাবনাগুলোর এখন আর কোনো মূল্য নেই। তবুও মনের কোণে বাসনা জাগে, যদি একটিবার হলুদ সন্ধ্যা বা রাতের নিস্তব্ধতায় তুমি আমাকে ডাকতে। আমি শুধু দূর থেকে এক পলক তোমাকে দেখতে চাইতাম। দেখতে চাইতাম তোমার মেহেদির রঙ কেমন হয়েছে, আর কীভাবে তোমার শুভ্রবসন হলুদে রাঙিয়ে গেল। তুমি জানতেও পারতে না যে, কোনো এক পথিক দূর থেকে তোমাকে দেখে গেল।

















