ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজারের নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও ফলপ্রসূ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দুই দেশের যে ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল, তা বৈঠকে গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। সেই ধারাবাহিকতায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্রাক ও ট্যাক্সি ড্রাইভারের মতো পেশায় কাজের সুযোগ সৃষ্টি এবং আরও বেশি দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে জোর দেওয়া হয়।
শ্রমবাজারের পাশাপাশি বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।















