গাইবান্ধা শহরের কালি মন্দিরের সামনে অটোর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ওবাইদুল হক, তার স্ত্রী এবং আট বছর বয়সী ছেলে গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার ভয়াবহতায় ওবাইদুল হকের ডান পা থেঁতলে গেছে। তার স্ত্রীর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং বাম চোখ মারাত্মকভাবে জখম হয়েছে। এছাড়া তাদের আট বছর বয়সী ছেলের একটি পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায়ও আঘাত লেগেছে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, এই দুর্ঘটনার খবরে ওবাইদুল হক ও তার পরিবারের সদস্যদের নিয়ে তাদের স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

















