সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে মোট ১ হাজার ৩১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এই একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।
অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালে ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে।

















