দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চনা, পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসন এবং ক্যাডারভিত্তিক বৈষম্য দূর করাসহ সাত দফা দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে তাঁদের। শনিবার (২৪ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রক্রিয়ায় জটিলতা ও বিলম্বের কারণে তাঁরা বঞ্চিত হচ্ছেন। গত সেপ্টেম্বরে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) একাধিক সভা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি, যা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। এর আগে গত ২৩ জুলাই মাউশি থেকে দুটি স্মারকের মাধ্যমে ডিপিসির সভা আহ্বান করা হয়েছিল। ওই সময় ২৭ জুলাই তৎকালীন সচিবের সভাপতিত্বে সভা হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।
- বিভাগীয় পদোন্নতি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ অবিলম্বে জারি করতে হবে।
- প্রযোজ্য বিধিমালা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ২৪তম থেকে ৩৮তম বিসিএসের পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করতে হবে।
- প্রস্তাবিত ২ হাজার ৮২৩টি সুপারনিউমারারি পদ সৃষ্টির প্রস্তাব দ্রুত অনুমোদন করে পদোন্নতির প্রতিবন্ধকতা দূর করতে হবে।
- বিধি অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের প্রাপ্য আর্থিক সুবিধাসহ ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে হবে।
- শিক্ষা ক্যাডারে পদোন্নতির দীর্ঘসূত্রতা ও ক্যাডারভিত্তিক বৈষম্য দূর করে স্বচ্ছ, নিয়মিত ও নির্দিষ্ট সময়সীমাভিত্তিক পদোন্নতি ব্যবস্থা চালু করতে হবে।
- তৃতীয় ও চতুর্থ গ্রেডে পদোন্নতির যোগ্যতা ও প্রাপ্যতাসংক্রান্ত জটিলতা নিরসন করে সংশ্লিষ্ট ফাইল দ্রুত নিষ্পত্তি করতে হবে।
- পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি বৈঠক আয়োজন করে পদোন্নতি বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে।

















