বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমান সরকারকে সতর্ক করে বলেছেন, দাবি আদায়ে প্রয়োজনে তারা এক দফার ডাক দেবেন। তিনি বলেন, এক দফার ওজন এত বেশি যে এর কবলে পড়লে কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, এই পাথর মাথায় না নিয়ে ভালোয় ভালোয় সাত দফা দাবি মেনে নেওয়াই শ্রেয়।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোরের মুড়লী মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে গণভোটের রায় অস্বীকার, জনগণের সাথে প্রতারণা, চাঁদাবাজি, দখলদারি ও দলীয়করণের গুরুতর অভিযোগ তোলেন। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়ন না হওয়ার কারণেই দেশে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সবার আগে এই রায় বাস্তবায়ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
গণভোটের ফলাফল প্রসঙ্গে জামায়াত আমির আরও বলেন, তারা কথা দিয়েছিলেন যে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে নতুন রাষ্ট্র গঠনের জন্য সংস্কার করা হবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে সেই রায় ছিনতাই করা হয়েছে। তিনি আগামী সংসদ নির্বাচনের আগেই সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ দেখতে চায় সরকার প্রকাশ্যে এই ঘোষণা দেয় কি না। তিনি আশ্বাস দেন যে, সরকার যদি এটি বাস্তবায়ন করে তবে তারা আর কোনো লংমার্চ করবেন না।
পথসভায় উপস্থিত লক্ষ লক্ষ নারী-পুরুষের উদ্দেশ্যে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের এই সাত দফা দাবি কোনো বিশেষ নেতা বা দলের নয়, বরং এটি জনগণের দাবি। এই দাবি আদায়ে তারা রাজপথে নেমেছেন এবং অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার করেন।

















