ভোলার তেঁতুলিয়া নদী সংলগ্ন এলাকা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গত ৪ নভেম্বর রাত ১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
আটককৃত আটজনের মধ্যে রয়েছেন নোয়াখালীর চর জব্বার এলাকার আজগর হোসেন ও সেলিম, লক্ষ্মীপুরের কমলনগর এলাকার কবির হোসেন এবং ভোলার বিভিন্ন এলাকার আব্দুল মমিন, শামীম, ইউসুফ, সিরাজ ও রায়হান। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের সমুদ্র ও নদীপথ ব্যবহার করে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও পাচারবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

















