ঢাকাই সিনেমার আলোচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে বিয়ের জন্য চাপ দিয়ে ব্যর্থ হয়ে টানা দুই ঘণ্টা নির্যাতনের অভিযোগ উঠেছে আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। গত ২৪ জুলাই (শুক্রবার) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দু’ঘন্টা তাকে হাত ও পা বেঁধে পেটানো, কুসুম গরম কফি গায়ে ঢেলে দেওয়া, অশ্রাব্য ভাষায় গালমন্দ ও সব শেষে কফিতে নেশাজাত/বিষাক্ত দ্রবণ মিশিয়ে পান করানোর অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে স্নিগ্ধা চৌধুরী জানান, বছর খানেক আগের পরিচিত ইমন নামের একজন কো-অর্ডিনেটরের মাধ্যমে ২০ লাখ টাকার একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হওয়ার অফার পান তিনি, যেখানে তাকে ১৭ লাখ টাকা দেওয়ার কথা ছিল।
২৪ জুলাই রাত সাড়ে ৮টা নাগাদ স্নিগ্ধা চৌধুরী উবারে চড়ে রাজধানীর ৩০০ ফিটের পাশের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। ভেতরে প্রবেশের পর আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া তাকে জেবা তাকিয়া নামে সম্বোধন করে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। শুরুতেই চা, নাস্তা, কফি ও খেজুর বিস্কুট দেওয়া হয়। এরপর নজরুল হুঙ্কার দিয়ে বলেন, ‘তোরে কত বছর ধইরা খুঁজতাছি। আমি তোরে দুই বার বিয়া করছি। তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না?’ স্নিগ্ধা বারবার নিজেকে অন্য পরিচয় দেওয়ার চেষ্টা করলেও নজরুল তাকে তলোয়ার সদৃশ ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখান এবং জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন।
স্নিগ্ধা জানান, নজরুল তাকে বাসর করার জন্য জোর করলে তিনি পিরিয়ডের অজুহাত দেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল তাকে মোটা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং লাঠি দিয়ে তার পায়ের পাতায় ১৪ বার আঘাত করেন। এছাড়া চুল ধরে ঘাড়ের স্পাইনাল কর্ডে আঘাত এবং কুসুম গরম কফি ঢেলে দেওয়ার মতো অমানবিক নির্যাতনের অভিযোগও করেছেন তিনি। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে তিনি প্রাণে বাঁচেন।
অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে ঘটনাস্থল, নজরুলের কক্ষ, এবং স্নিগ্ধার লোকেশন ট্র্যাকিংয়ের তথ্য মিলেছে। স্থানীয়দের মতে, নজরুল ইসলাম ভূঁইয়া এলাকায় ‘বর্বর জাইল্যা’ হিসেবে পরিচিত এবং তার অফিসে একটি টর্চার সেল রয়েছে। ইমন নামের ওই কো-অর্ডিনেটরের ওপর নির্যাতনের বিষয়টি তার স্ত্রীর সঙ্গে ফোনালাপেও উঠে এসেছে।
অভিযুক্ত নজরুল ইসলাম ভূঁইয়া সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে স্নিগ্ধা চৌধুরীর লোকেশন ও ঘটনার সপক্ষে প্রমাণের কথা জানানো হলে তিনি বলেন, ‘আমি তাকে ৪ বছর আগে চিনতাম।’ এ ঘটনায় গত ২৬ জুলাই রাতে অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন।

















