প্রায় চার বছর আগে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে নৃশংসভাবে হত্যার দায়ে গাড়িচালক হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন চৌধুরী এই মামলার রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নিহত আফরোজা সুলতানা সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস বিভাগে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার নিজ ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গুলশান জোনের ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন মামলাটি তদন্ত করেন।
তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে, আসামি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রচুর অর্থ হারিয়েছিলেন। সেই দেনা পরিশোধের উদ্দেশ্যে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিনি। ঘটনার দিন আফরোজা সুলতানাকে একা পেয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন হৃদয়। সিসিটিভি ফুটেজ, আসামির নিজের স্বীকারোক্তি এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
পুলিশ আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু, লুণ্ঠিত ২২.০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার এবং লুণ্ঠিত ৬০০ টাকাসহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়েছিল।

















