দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে বইছে কৌতূহলের হাওয়া। রাজনৈতিক অঙ্গনের ভেতরে-বাইরে সবখানেই চলছে আলোচনা, যার রেশ পৌঁছেছে সাধারণ মানুষের চায়ের আড্ডাতেও। প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক মহলের নজর এখন বাংলাদেশের এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে। আজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আজ সকালে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রার্থীই হবেন বঙ্গভবনের পরবর্তী অধিপতি।
বিভিন্ন পর্যায়ের তথ্যে জানা গেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় চূড়ান্ত। তবে দলের কৌশলগত নীরবতার কারণে শেষ মুহূর্তে চমকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরই মধ্যে রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য প্রয়োজনীয় সম্মতিসূচক নথিতে স্বাক্ষরও সম্পন্ন করেছেন তিনি। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। দুপুরের আগেই বিএনপি তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে। এদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে এবং আজই তাদের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
প্রার্থিতা যাচাই-বাছাই শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ মোট ৩৪৯ জন সংসদ-সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ-সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বার ভোটগ্রহণ হতে যাচ্ছে। উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে। এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে দুটি বিএনপির এবং একটি জামায়াত জোটের।

















