মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন। শুক্রবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং এসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে খেলাধুলাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো যুগান্তকারী কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খুদে খেলোয়ারদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে, যারা ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিং-কে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দেন। জাতীয় কিকবক্সিং এসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদ, কোচ, রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা অনুষ্ঠানে অংশ নেন।

















