বিএনপি সরকারের ছয় মাস পূর্তিতে নির্বাচনি ইশতেহার ও ৩১ দফায় দেওয়া অধিকাংশ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ, আবার কোথাও ১০০ শতাংশ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ লিখিত প্রতিবেদন বা বুকলেট আগামীকাল বা পরশুর মধ্যে প্রকাশ করা হবে। এতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদানসহ কত কিলোমিটার খাল খনন করা হয়েছে, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান থাকবে বলে তিনি জানান।
সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে রিজভী বলেন, শুরুতে প্রশাসনকে গুছিয়ে নেওয়া এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে সরকারকে প্রস্তুতি নিতে হয়েছে। এই প্রস্তুতি পর্বে সময় প্রয়োজন ছিল। আগামী ছয় মাসে এই কার্যক্রমগুলো আরও জোরালোভাবে এগিয়ে নেওয়া হবে এবং সফলভাবে সম্পন্ন হবে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর মন্তব্যের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দলের অবস্থানের কোনো বিরোধ নেই। তিনি দলীয় নির্দেশক্রমেই বিষয়টি জানিয়েছেন। রিজভী আরও বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে মন্ত্রী বা এমপির মতো সরকারি পদ থেকে পদত্যাগের বাধ্যবাধকতা নেই। তবে মির্জা ফখরুল দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় নৈতিক অবস্থান থেকে তিনি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।
এদিকে, দলের পক্ষ থেকে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া গুলশান কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

















