আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সবসময়ই দাবি করবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা পুরোপুরি উন্নীত করতে আরও সময়ের প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে তারা বেশ কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগও দেশবাসী প্রত্যক্ষ করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অত্যন্ত সফলতার সঙ্গে কয়েকটি সংকটময় মুহূর্ত মোকাবেলা করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের সংকট দেখা দিলেও বাংলাদেশ তা সামাল দিয়েছে। তিনি বলেন, দীর্ঘ এক মাস জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়নি। পরবর্তীতে বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে।
গ্যাস ও জ্বালানি সংকটকে বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে সরকার সফলভাবে এসব চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মজুত রাখার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

















